ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেতে মিললো নৈশপ্রহরীর লাশ

আপডেট : ০২ মার্চ ২০২৫, ২১:৩৫

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় খাইরুল ইসলাম (৫৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত খাইরুল ইসলাম ইউনিয়নের ভবানন্দপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় শামসুদ্দিন হাসকিং মিলে নৈশপ্রহরী হিসেবে নিয়োজিত ছিলেন এবং নেকমরদ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো খাইরুল হাসকিং মিলে কাজে যান। রাতের কোনো এক সময় তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে ভুট্টাক্ষেতে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, নিহত খাইরুলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/এসএএস