কক্সবাজারের টেকনাফে মুরগি কেনার ২৫০ টাকা পাওয়ার জেরে আবুল হাসেম (৩৫) নামে যুবকের মারধরে দলিল লেখক দিলদার আহমেদ (৫০) এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে টেকনাফ হাইওয়ে সড়ক মনির ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাগিনা মো. আবছার উদ্দিন।
নিহত দিলদার আহমেদ টেকনাফের হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ড মনিরঘোনা গ্রামের আব্দুস সুবহানের ছেলে। অভিযুক্ত আবুল হাসেম একই উপজেলার হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ড উলুবনিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
মো. আবছার উদ্দিন বলেন, আমার মামা দিলদার আহমেদের কাছ থেকে উলুবনিয়া গ্রামের আবুল হাসেম মুরগি কেনার ২৫০ টাকা পাওয়া ছিল। আবুল হাসেম উলুবনিয়া রাস্তা মাথায় মুরগির দোকানদার। মুরগির ওই টাকার বিষয়ে আবুল হাসেম আজ দুপুরের দিকে হাইওয়ে সড়ক মনিরঘোনা এলাকায় মামার দেখা পেলে তাকে ধরে পেলেন।
তখন দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে আবুল হাসেম মামাকে কিল-ঘুষি, লাথি মারলে তিনি সড়কে পড়ে যায়। পরে আবুল হাসেম নিজেই মামাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দিলদার মামার মৃত্যু হয়। দিলদার আহমেদকে পালংখালী তাজমান হাসপাতালে রেখে আবুল হাসেম পালিয়ে যান।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোজাহার আহমেদ বলেন, খবর পেয়ে আজ সোমবার বিকেলে বেসরকারি একটি হাসপাতাল থেকে দিলদার আহমেদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকার বিষয়ে আবুল হাসেম ও দিলদার আহমেদের মধ্যে ঝগড়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
