হালকাপাতলা

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৯:৩১

খমকবাদক পাতলা বলে তবলবাদক হালকাকে—

জানিস নাকি, লোকে বলে রাত্রিভাঙা তাল কাকে?

বলতে পারিস—প্রবল শীতে

ঝুমুরতালের বিপরীতে

এই পৃথিবীর শিশুর চোখে ছড়ায় তুষার টাল্কা* কে?

 

বলতে পারিস—কোন বেতালে

মাছ থাকে না সবুজ খালে

বৃষ্টি হলেও পরিণত হয় যে গাছের ডাল খাকে

আর বেতালের চিকন গুরু, চিনিস মতিলাল খাঁকে?

 

তবলবাদক হালকা খেপে খমকবাদক পাতলাকে

বললো—এসব আমাকে না, জিগাও গিয়ে আঁতলাকে

আমি ওসব তাল কি জানি?

তবে একটা সত্য মানি

রাতভাঙা তাল জানা বাদক নেই রে দু পাঁচ সাত লাখে!

 

খমকবাদক পাতলা বলে—তুমি নাচাও কাতলাকে

শুনবে তোমার গরম তেলে রুই-বোয়ালের সাঁতলা কে?

তবলবাদক হালকা রেগে

বললো তুমুল ধমক দেগে—

পাতলা, তোকে অকালভাদর তাল দিয়েছে, বাতলা কে?

 

শহরটাকে মাথায় তুলে বলতে শুনি হালকাকে—

পাতলা, কি তোর মগজটাকে ঠুকরিয়েছে লাল কাকে?

 

*টাল্কা অর্থ ঠান্ডা। এটি একটি আঞ্চলিক শব্দ।