ও বাবা রে কী অস্থির

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৯:৩২

পাতার ফাঁকের টুনটুনিটা

টিউট-টিউট গুনগুনিটা

কে শুনেছে কে—

এট্টুখানি ছোট্টপাখি

যায় না দেখা ছোট্ট আঁখি

কে-কে দেখেছে?

 

রয় নাকো সে একটু থির

ও বাবা রে কী অস্থির!

 

পাগুলো যে কাঠির মতো

লেজ নেড়ে যায় শতশত

গায়ের নানারঙ;

নেচে-নেচে ছুটেই চলে

টুইট-টুইট কী যে বলে

দেখায় কত ঢঙ!

 

টুনি আছে টোনা আছে

আরো ছানা-পোনা আছে

ভয়ও যে নিশ্চয়;

বরই গাছের ফাঁকে-ফাঁকে

ঘাপটি মেরে যতই থাকে

দুষ্টুখোকার ভয়।

 

এই খোকারা ধুর বোকারা

ছেলেধরা কারা-কারা

জানো তা কি জানো!

তোমরা পাখির ছেলেধরা

মানুষ নামের মুখোশপরা

মানো কি তা মানো?