রমজানে ‘সহানুভূতিশীল’ কর্পোরেট কালচার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১১:২৭

রমজান আসে আত্মশুদ্ধির বার্তা নিয়ে। এ সময় দিনের আলোয় কর্মব্যস্ততা আর রাতে ইবাদতের সুর মিলে এক অনন্য ছন্দ তৈরি করে। কর্পোরেট দুনিয়ায় এই ছন্দের সঙ্গে তাল মিলিয়ে কাজ করাটাই চ্যালেঞ্জ। একদিকে অফিসের টার্গেট, মিটিং আর ডেডলাইন, অন্যদিকে ক্লান্ত শরীর, সংযমের সাধনা ও আধ্যাত্মিকতার আবেশ। তাই, কর্পোরেট সংস্কৃতিকে হতে হবে নমনীয়, যাতে কর্মীরা কাজ ও ইবাদতের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারেন।

রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং এটি একটি শিক্ষা-সহমর্মিতা, ধৈর্য ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা। বাংলাদেশের অফিস ব্যবস্থাপনাতেও এই শিক্ষার প্রতিফলন ঘটানো জরুরি। প্রতিটি অফিসেই এই সময়ের বিশেষত্ব অনুধাবন করে কাজের পরিবেশ ও নীতিতে কিছু পরিবর্তন আনা উচিত, যাতে কর্মীদের জন্য কাজ সহজ ও স্বস্তিদায়ক হয়।

রমজানে মুসলিম কর্মীদের শারীরিক ও মানসিক শক্তি সীমিত থাকে, তাই অফিস পরিচালনায় কিছু পরিবর্তন আনা উচিত।

সমন্বিত অফিস সময়সূচি: অনেক প্রতিষ্ঠান রমজানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করে। এতে কর্মীরা ইফতারের আগেই বাসায় ফিরে প্রস্তুতি নিতে পারেন। এমন সময়সূচি অফিসের উৎপাদনশীলতাও বজায় রাখে, কারণ কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য আরো মনোযোগী হন।

ওয়ার্ক ফ্রম হোম বা ফ্লেক্সিবল ওয়ার্কিং: যেসব প্রতিষ্ঠানে সম্ভব, সেখানে হাইব্রিড বা ওয়ার্ক ফ্রম হোম সুবিধা দেওয়া যেতে পারে। বিশেষ করে যারা দূরবর্তী এলাকা থেকে যাতায়াত করেন, তাদের জন্য এটি কার্যকর হতে পারে।

ইফতার ও জোহরের বিরতি: কর্মীদের ইফতার ও নামাজের জন্য নির্দিষ্ট বিরতি দেওয়া উচিত। এছাড়া, অফিসে ইফতারের আয়োজন করা হলে কর্মীরা আরো স্বস্তিতে থাকবেন এবং পারস্পরিক বন্ধন দৃঢ় হবে। এতে কর্মীদের মধ্যে কাজের প্রতি উৎসাহও বাড়বে। অতিরিক্ত মিটিং এড়িয়ে চলা দীর্ঘ মিটিং বা ভারী কাজ কর্মীদের জন্য কষ্টকর হয়ে উঠতে পারে। সংক্ষিপ্ত ও কার্যকরী মিটিং আয়োজন করাই হবে যথাযথ পদক্ষেপ।

কর্মীদের করণীয়

রমজানে কাজের গতি কমে যেতে পারে, তবে কিছু কৌশল অনুসরণ করলে উৎপাদনশীলতা বজায় রাখা সম্ভব।

কাজের অগ্রাধিকার নির্ধারণ: দিনের প্রথম ভাগে গুরুত্বপূর্ণ ও মানসিকভাবে বেশি মনোযোগের কাজ করা উচিত, কারণ তখন শক্তি তুলনামূলক বেশি থাকে। সকালের সময় কাজে ফোকাস করলে তুলনামূলক কম ক্লান্তি অনুভূত হয় এবং দিন শেষে কাজের চাপ কমে যায়।

সময় ব্যবস্থাপনা: রমজানের মধ্যে ছোট ছোট বিরতি নিয়ে কাজ করা উচিত, যাতে শরীর ও মন চাঙা থাকে। অল্প সময়ের জন্য চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া বা সামান্য হাঁটা কার্যকর হতে পারে।

স্বাস্থ্য সচেতনতা: পর্যাপ্ত পানি পান করা (ইফতার ও সেহরির সময়) এবং হালকা ও পুষ্টিকর খাবার গ্রহণ করা দরকার, যাতে শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ হয়। অতিরিক্ত মসলাযুক্ত ও ভারী খাবার পরিহার করা উচিত, কারণ এটি শরীরকে ক্লান্ত করে তুলতে পারে।

সহকর্মীদের প্রতি সহমর্মিতা: কর্মীরা একে অপরকে সহায়তা করলে কাজের চাপ কমে যাবে এবং অফিসের পরিবেশ আরো করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।

অতিরিক্ত কাজের চাপ না দেওয়া: রমজানে কর্মীদের জন্য ব্যাক-টু-ব্যাক মিটিং বা অতিরিক্ত কাজ নির্ধারণ না করাই ভালো। প্রয়োজনে কাজের সময়সীমা নমনীয় রাখা যেতে পারে।

ইফতার আয়োজন: প্রতিষ্ঠান থেকে কর্মীদের জন্য ইফতার আয়োজন করা হলে এটি তাদের মধ্যে সৌহার্দ্য বাড়াবে। এছাড়া, প্রতিষ্ঠান চাইলে মাসব্যাপী নির্দিষ্ট কিছুদিন ইফতারের আয়োজন করতে পারে, যাতে সবাই উপকৃত হয়।

ছুটির বিষয়ে নমনীয়তা: রমজানে কেউ যদি অসুস্থতার কারণে ছুটি নিতে চান, তাহলে নমনীয়মনোভাব দেখানো উচিত। এছাড়া, ঈদের আগে কর্মীদের আগেভাগে ছুটি পরিকল্পনা করতে দেওয়া উচিত, যাতে তারা পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারেন। 

বাংলাদেশের কর্পোরেট সংস্কৃতিতে বেশির ভাগ প্রতিষ্ঠানেই রমজানকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়। এতে একদিকে উৎপাদনশীলতা বজায় থাকে, অন্যদিকে কর্মীদের প্রতি মানবিক আচরণও নিশ্চিত হয়। তাই, অফিস পরিচালনায় নমনীয়তা, সময়ানুবর্তিতা এবং কর্মীদের প্রতি সহমর্মিতার নীতিগুলো বাস্তবায়ন করাই হবে রমজানের সঠিক কর্পোরেট কালচার।

ইত্তেফাক/এসএএস