জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থার নতুন নামকরণ করা হয়েছে শহীদ রিয়া গোপের নামে। ছয় বছরের ছোট্ট শিশুর নামে নামকরণ করা হয়েছে। রিয়া গত ২৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে নিহত হয়েছিল। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
নারায়ণগঞ্জের সন্তান রিয়া। পিতা দীপক ঘোষ, মাতা বিউটি ঘোষ। এ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া। নারায়ণগঞ্জে নয়ামাটির একটি ভবনে বসবাস করতেন দিপক-বিউটি দম্পতি। আন্দোলনের সময় রিয়া বাসার ছাদে ছিলেন। বাইরে হইচইয়ের শব্দ শুনে বাবা দৌড়ে গিয়ে মেয়েকে আনতে ছাদে যান। মেয়েকে কোলে নিতেই তখনই গুলি এসে মাথায় ভেদ করে। রক্তাক্ত অবস্থায় শিশুকন্যাকে নিয়ে হাসপাতালে নিয়ে যান বাবা। কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি।
প্রজ্ঞাপনে এক সঙ্গে চারটি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করার কথা উল্লেখ করা হয়েছে ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পত্রে। জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেকসের নাম করা হয়েছে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেকস।
এছাড়া রমনায় শেখ কামাল টেনিস কমপ্লেকসের নাম করা হয়েছে জাতীয় টেনিস কমপ্লেকস। জাতীয় ক্রীড়া পরিষদের নতুন ভবনের ভেতরে অডিটোরিয়ামটি করা হয়েছিল শেখ কামালের নামে। সেটি এখন জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন করা হয়েছে।
