প্রত্যন্ত অঞ্চলের জনগণও পাবে ডিজিটাল ব্যাংকিং সুবিধা

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২০:৩৬

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর, টেলিটক এবং বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লি. এর সাথে সেবা আদান-প্রদানের বিষয়ে সোনালী ব্যাংক লি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে পৃথক তিনটি স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গতকাল ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। এছাড়া সজীব ওয়াজেদ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠান, অধিদপ্তর ও সংস্থার পদস্থ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

ডাক অধিদপ্তর ও সোনালী ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ডাক বিভাগ প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের ব্যবস্থা করবে। এর ফলে সাধারণ মানুষ ব্যাংক হিসাব খোলার সুযোগ লাভ করবে। এছাড়াও ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে ডাক বিভাগ কাজ করবে। চুক্তিতে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

টেলিটক ও পিএসসির মধ্যে চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণ, স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এডমিটকার্ড বিতরণ, সিট প্লানিং, হাজিরা সিট তৈরি  এবং অনলাইনে ফলাফল প্রকাশ ইত্যাদি কার্যক্রম টেলিটকের মাধ্যমে পরিচালিত হবে। টেলিটক এমডি  মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পিএসসির সচিব বেগম ও. এন সিদ্দিকা খানম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লি. এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বিটিভি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সমপ্রচার কার্যক্রম বাণিজ্যিকভাবে শুরু করবে। চুক্তিতে বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদ এবং বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচারক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহরিয়ার আহমেদ  চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।