শুনতে অবাক লাগলেও গাজীপুরের হায়দারবাদে কেজি দরে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস! প্রতি কেজি মাংস ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জানা গেছে, চলতি বছরের শুরুতে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয় ঘোড়ার মাংস। ব্যবসায়ীরাও বলছেন, ঘোড়ার মাংসে আগ্রহ বাড়ছে ক্রেতাদের।
এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে ওই এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই জানান, ঘোড়ার মাংস খেতে গরুর মাংসের মতই সুস্বাদু। অন্যদিকে দাম অনেক কম হাওয়াতেও এ মাংসের চাহিদা বাড়ছে সাধারণ ক্রেতাদের মধ্যে। তবে বিপরীত মতামতও দিয়েছেন অনেকে। ঘোড়ার মাংস আসলেই খাওয়া উচিত কিনা, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। অরুচিকর হিসেবে মন্তব্য করছেন কেউ কেউ।
এদিকে, স্থানীয় মাংস বিক্রেতা শফিকুল ইসলাম জানান, ‘গরুর মাংসে প্রচুর চর্বি থাকলেও ঘোড়ার মাংসে তেমন কোনো চর্বি নেই। খেতে সুস্বাদ ও দামও কম। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিকে সপ্তাহের একদিন দুয়েকটি ঘোড়া জবাই করা হলেও বর্তমানে প্রতি শুক্রবার ১০-১২টি ঘোড়া জবাই করা হচ্ছে। দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসছেন এসব মাংস সংগ্রহে।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. হারুনুর রশিদ গণমাধ্যমকে জানান, হায়দারাবাদে ঘোড়া জবাইয়ের বিষয়টি শুধু শুনেছি। নিয়মানুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কিনা, এর জন্য ডাক্তারি সার্টিফিকেট আমাদের কাছ থেকে নিতে হয়। কিন্তু ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট আমাদের কাছ থেকে নেওয়া হয়নি।
