দৌলতদিয়ায় ফেরী সংকট, ৬কি.মি. সড়ক জুড়ে তীব্র যানজট

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২০:৫৬

তীব্র স্রোতে ও ফেরি সংকটে দৌলতদিয়া ঘাটে পরিবহন পারাপারে বিঘ্ন ঘটছে। ফলে ৬ কি.মি. সড়ক জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে নৌরুটে স্বাভাবিকভাবে চলতে পারছে না যে কটি ফেরি সচল আছে সেগুলোও। এছাড়া পানি বেড়ে ঘাটের অবস্থাও শোচনীয় হয়ে পড়েছে। ফলে যে কোন মুহূর্তে বন্ধ হযে যেতে পারে ৩টি ফেরি ঘাট।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ ঢাকামূখী প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। ফেরি সংকট ও স্রোতের কারণে যানজটে পড়ে থাকা এ এলাকার যাত্রীদের ভোগান্তি চরমে পৌছেছে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরির মধ্যে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। ৩টি ফেরি মেরামতে রয়েছে। আরও জানা গেছে, নদীতে পানি বৃদ্ধির কারণে যে কোন মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে ৬টি ফেরীরিঘাটের ১,৪ ও ৬ নং ঘাট। তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক সময়ে ৩০ মিনিট লাগলেও বর্তমানে দেড় থেকে দুইঘন্টা সময় লাগছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ৬ কি.মি. অদূরে গোয়ালন্দ উপজেলা পরিষদ এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ যানজট। ২/৩ সারিতে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রী দূর্ভোগ চরমে। নদী পাড়ের অপেক্ষায় বিভিন্ন যাত্রীবাহী পরিবহনের যাত্রীরা গাড়ি ছেড়ে পায়ে হেঁটে বিকল্প উপায়ে নদী পার হয়ে যাচ্ছেন গন্তব্যে।

দৌলতদিয়ার ৬নং ফেরি ঘাটের র‌্যাম্প পানিতে ডুবে যাওয়ায় বিপদ জেনেও ফেরিতে যানবাহন উঠা-নামা করছে। বেলা সাড়ে ১১টার দিকে ওই ঘাটটিতেও যানবাহন উঠা-নামায় বিঘ্ন ঘটলে ও ফেরি ভিড়তে বিঘ্ন ঘটে। তারপর সাময়িকভাবে ঘাটটি বন্ধ হয়ে যায়। 

পাটুরিয়া ঘাট থেকে সকাল ১০টায় ছেড়ে আসা রো-রো ফেরি আমানত শাহ দৌলতদিয়ার ৬নং ফেরি ঘাট এলাকায় কাছে এলে স্রোতের মুখে আটকা পড়ে। একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সেখাই নোঙর করতে হয় ফেরিটির। ওই ফেরিতে ১০টি যাত্রীবাহী বাসসহ প্রায় ১৫টি যানবাহন আটকা পড়ে।

ঘাটে নদী পারের অপেক্ষায় থাকা একাধিক যাত্রীবাহী বাস ও ট্রাকচালক অভিযোগ করে বলেন, ‘দৌলতদিয়া ঘাটে দালাল চক্রের হাতে ২/৩ হাজার টাকা ধরিয়ে দিলেই আর সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় না। সরাসরি ফেরীর নাগাল পাওয়া যায়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ৩জন পরিবহন চালক জানান, দৌলতদিয়া ঘাটে ভিআইপি নামধারী এসি পরিবহনগুলোকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় না ঘন্টার পর ঘন্টা।

বনলতা ফেরীর মাস্টার মো. রেজাউল করিম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে নদী পারাপারে প্রতিটি ফেরির সময় লাগছে আধ ঘন্টা।  পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে এখন এক থেকে দেড় ঘন্টা সময় লাগছে পারাপারে। 

আরও পড়ুন: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আড়াইহাজারের যুবক নিহত

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২টি ফেরি সার্বক্ষণিক চলাচল করছে যানবাহন পারাপারে। নৌরুটের খানজাহান আলী, সন্ধ্যা মালতি ও শাপলা শালুক ফেরী ৩টি ইঞ্জিন মেরামতে ভাসমান কারখানায় রয়েছে। দৌলতদিয়া ঘাট এলাকার প্রায় ৭ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।

ইত্তেফাক/নূহু