টানা বৃষ্টিতে কিশোরগঞ্জ উপজেলার এলজিইডির বিভিন্ন পাকা কাঁচা সড়কের এক পাশ ধসে ও আটটি ব্রিজ এবং কালভার্ট ঝুঁকির মধ্যে পড়েছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলায় এলজিইডির পাকা সড়ক ১৩৮ দশমিক ৫৫ কিলোমিটার ও কাঁচা সড়ক ৩৫২ কিলোমিটার রয়েছে। এর মধ্যে পাকা সড়কর সাড়ে সাত কিলোমিটার পুরোটা ও আংশিক সাড়ে ১০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আটটি ব্রিজ ও কার্লভাট বিধ্বস্থ হয়েছে।
উপজেলার বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু জানান, টানা ভারী বৃষ্টিতে সড়কগুলো ধসে ভেঙে পড়ছে। এছাড়া ব্রিজ কালভার্টের মোখাগুলো রাস্তা থেকে বিচ্ছিন্ন হতে চলেছে।
পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান, বৃষ্টিতে তার এলাকার পাকা ও কাঁচা সড়কগুলো ধসে পড়ছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
উপজেলা প্রকৌশলী কেরামত আলী নান্নু জানান, বৃষ্টির কারণে সড়ক, ব্রিজ ও কালভার্টগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব পরিদর্শন করে প্রাথমিকভাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বিভাগে প্রতিবেদন পাঠিয়েছি। বরাদ্দ এলে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক, ব্রিজ ও কালভার্টগুলো সংস্কার করা হবে।
