এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের ৫ দাবাড়ু—রানী হামিদ, মনন রেজা, ফাহাদ রহমান, তাহসিন তাজওয়ার, মাহফুজুর রহমান।
কলম্বোয় চলমান এই প্রতিযোগিতায় গতকাল ওপেন গ্রুপে ১ পয়েন্ট করে পেয়েছেন ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফা, অমিত ব্রিকম ও তানভীর আলম। আর মহিলা বিভাগে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ছাড়াও ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ৩ দাবাড়ু। এ ছাড়া মহিলা বিভাগে ২ ফিদে মাস্টার নোশিন আনজুম ও ওয়াদিফা আহমেদ ২ খেলায় দেড় পয়েন্ট করে পেয়েছেন।
দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মননের কাছে হেরে যান শ্রীলঙ্কার বিক্রমাসিংহে ভিনুদা। আরেক খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদের কাছে হারেন শ্রীলঙ্কার শিবাথানুজান।
এ ছাড়া ফিদে মাস্টার তাহসিন শ্রীলঙ্কার ক্যান্ডিডেট মাস্টার অমরাসিঙ্গেকে, মাহফুজুর সামারানায়েক পমোককে, সাকলাইন জানুকশানকে ও তানভীর সানভিরু দুলনিথকে হারিয়েছেন। তবে অমিত বিক্রম ড্র করেন শ্রীলঙ্কার শাতসিন্ধু মিনুরার সঙ্গে।
মহিলা বিভাগে ৮১ পেরোনো রানী হামিদের কাছে হেরেছেন ইয়েসহে লানদেন। অন্য খেলায় ওয়াদিফা হারান সুদর্শন মিথুরাকে এবং আসিয়া পাকিস্তানের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জেনোবিয়া ওয়াসেফকে।
