সিরাজগঞ্জ মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৪:২১

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা মহাসড়কে মাইক্রবাসে ডাকাতির ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লুণ্ঠিত মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ৩নং গলির হামিদুল ইসলামের ছেলে তুষার হোসেন (৩০), রায়পুর উত্তরপাড়ার ১নং মিলগেট এলাকার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ অন্তর খান (২৯), কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের সোলায়মান মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম ওরফে কেতু  (৩৫) ও একই এলাকার মানিক মণ্ডলের ছেলে আব্দুর রহিম মণ্ডল (৩৬)।  

আসামিদের আদালতে হাজির করা হলে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  

এ বিষয়ে সিরাজগঞ্জ ডিবি পুলিশের এস আই নাজমুল বলেন, ৯ মার্চ রাতে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে ডাকতরা ঢিল ছুড়ে। এ সময় চালক মাইক্রোবাস থামালে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৬টি মোবাইল ফোন ও ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই যমুনা সেতু পশ্চিম থানায় মামলা হয়। এরপর মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। 

তিনি আরও বলেন, বুধবার দুপুরে ৪ জন আসামিকে আদালতে হাজির করলে রাশিদুল বাদে বাকি ৩ জন দোষ স্বীকার করে  আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএস/এএইচপি