বন্যাকবলিত এলাকায় আরো ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ হবে

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:০৯

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি ভাটির জনপদ সুনামগঞ্জ জেলার দুর্যোগ মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এবারের দুর্যোগ মোকাবিলার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পূর্ব থেকেই প্রস্তুত ছিল। আমরা এ জেলার জন্য ইতিমধ্যে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের গরিব মানুষের জন্য দুর্যোগ সহনীয় ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছেন। এ অঞ্চলে এরকম আরো ৩৪০টি দুর্যোগ সহনীয় বসতঘর দেওয়া হবে। বন্যা কবলিত এলাকায় ইতিমধ্যে ৭৫০ মেট্রিক টন চাল ও নগদ ১৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আরো ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হবে। ২০১৭ সালের বন্যায় সুনামগঞ্জবাসী ফসল হারিয়েছিলেন। সরকার সারাবছর আপনাদেরকে বিনামূল্যে চাল ও টাকা দিয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, সংরক্ষিত মহিলা আসনের (সিলেট-সুনামগঞ্জ) সংসদ সদস্য মোছাঃ শামীমা আক্তার খানম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম প্রমুখ। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনাসিন্দু চৌধুরী বাবুল প্রমুখ।