চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সম্মেলনের উদ্যোগ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:০৯

চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বিএনপি। তবে সমাবেশের জন্য পুলিশের অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে চট্টগ্রামের বিএনপি নেতৃবৃন্দ। বরিশালে বিএনপি সমাবেশের অনুমতি পাওয়ায় চট্টগ্রামেও সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে নেতৃবৃন্দ আশা করছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভাগীয় সমাবেশের ঘোষণা দেওয়া হয়। মহানগরীর নাসিমন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। সংবাদ সম্মেলনে বলা হয়, নগরীর লালদীঘির পাড়ের জেলা পরিষদ চত্বর অথবা কাজির দেউড়ির নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ব্যাপারে গত ৪ জুলাই সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়।