দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২৫ জুলাই। ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাদের মধ্যে একজন আওয়ামী লীগ ও অন্যরা স্বতন্ত্র প্রার্থী।
চেয়ারম্যান পদে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— আওয়ামী লীগ মনোনীত তরুণ সন্তোষ চন্দ্র রায়, স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. লিয়াকত আলী বেগ ওরফে লিটন, মো. শফিকুল ইসলাম এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিকের স্ত্রী মোছা. মাহ্মুদা ইসলাম শেফালী।
গত ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মো. শফিকুল ইসলাম তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বর্তমানে বাকি ৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে তত্পর রয়েছেন।
আলোকডিহি ইউনিয়নের প্রতিটি গ্রামে চেয়ারম্যান প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। রোদ-বৃষ্টির দিনেও প্রার্থীরা বসে নেই। তারা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। ফলে বেশ জমে উঠেছে নির্বাচন। কাক ডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিটি ওয়ার্ডেই নির্বাচনী প্রচার-প্রচারণা। চেয়ারম্যান প্রার্থী ও স্ব-স্ব কর্মীদের চোখে ঘুম নেই। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাইছেন ভোট ও দোয়া।
