বরিশালের মুলাদীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে খোকন কবিরাজ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ৩টার দিকে পৌরসভার চরডিক্রী কালাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খোকন কবিরাজ চরডিক্রী ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মাদ কবিরাজের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধী তরুণীকে দা দিয়ে জবাই করার ভয় দেখিয়ে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছেন বলে জানান মুলাদী থানার উপ-পরিদর্শক মো. মাসুদ।
পুলিশ জানায়, ওই তরুণীর খালু মারা যাওয়ায় তার বাবা-মা বৃহস্পতিবার দুপুরে সেখানে চলে যার। ভুক্তভোগী তরুণী তার ভাইয়ের ছেলের সঙ্গে বাড়িতে ছিলেন। বেলা ২টার দিকে তরুণীর ভাইপো খেলতে বের হলে খোকন কবিরাজ দা নিয়ে তরুণীদের বাড়িতে যান। পরে তরুণীকে জবাই করার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে।
কিছু সময় পরে তরুণীর ভাইয়ের ছেলে বাড়ি ফিরে ঘটনা দেখতে পেয়ে দ্রুত বেড়িয়ে যায় এবং সাইকেল চালিয়ে গিয়ে তার বাবাকে (তরুণীর ভাইকে) সংবাদ দেয়। তরুণীর ভাই বাড়ি ফিরে বিষয়টি বুঝতে পেরে মুলাদী থানা পুলিশকে জানান। থানা পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে কালাপাহাড় এলাকা থেকে খোকন কবিরাজকে গ্রেপ্তার করে।
মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন জানান, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়ায় যুবকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তরুণীকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।
