পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে সহকারী নাজিরের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১১

চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী নাজির মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঐ তরুণীর বাবা বাদী হয়ে বুধবার পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। 

মামলার অভিযোগে জানা গেছে, সাব্বির হোসাইন প্রাথমিক বিদ্যালয়ের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাদীর মেয়েকে গত ১ মে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখায় এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রশ্ন ফাঁস করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর ঐ তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে সে বিপর্যস্ত হয়ে পড়ে এবং আত্মহত্যার চেষ্টা করে। এ অবস্থায় তার বাবা মামলা দায়ের করেন।

পটুয়াখালী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, আদালতের নির্দেশে থানায় এজাহার দায়ের হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।