চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ওই ব্যক্তিকে আটক করে পিটুনি দেন এলাকার লোকজন। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পরে রাতে শিশুটির বাবা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার জিল্লুর রহমানের (৩২) বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার চরকুডুলিয়া গ্রামে। পেশায় তিনি ফেরিওয়ালা। ব্যাটারিচালিত ভ্যানে করে গ্রামে গ্রামে ডিম ফেরি করে বিক্রি করেন তিনি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘আসামি জিল্লুরকে আজ (১৪ মার্চ) আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাহেরা খানমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, জিল্লুর রহমান দামুড়হুদা উপজেলায় ভ্যানে করে ডিম বিক্রি করেন। গতকাল বিকেলে তিনি ডিম বিক্রি করতে যান। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুটি ডিম কিনতে বাড়ির অদূর ইটের পালার কাছে যায়। সেখানে আর কেউ ছিল না। এই সুযোগে জিল্লুর রহমান একাধিকবার শিশুটিকে জাপটে ধরেন এবং তার গায়ে হাত দেন। শিশুটি ডিম না কিনে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।
এরপর পরিবারের সদস্য ও এলাকার লোকজন জিল্লুর রহমানকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়। পরে রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে জিল্লুর রহমানকে আসামি করে থানায় মামলা করেন।
