কুষ্টিয়ায় অধ্যক্ষের ১০ বছরের দণ্ড

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১৪

কুষ্টিয়ায় কলেজ শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে অধ্যক্ষকে ১০ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত হলেন কুষ্টিয়া শহরের সৈয়দ মাস-উদ-রুমী কলেজের অধ্যক্ষ (সাময়িক বরখাস্ত) চৌধুরী নুরুদ্দিন মো. সেলিম ওরফে সজল চৌধুরী (৫৩)। তিনি শহরের মিলপাড়ার মৃত চৌধুরী আব্দুল আলীর ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ মার্চ দুপুরে সৈয়দ মাস-উদ-রুমী কলেজের মহিলা কমন রুমের মধ্যে অধ্যক্ষ সজল চৌধুরী নিজ কলেজের এক শিক্ষিকার শ্লীলতাহানি করেন। এ ঘটনায় ঐ শিক্ষিকা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।  কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ কৌঁসুলি আকরাম হোসেন দুলাল জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ঐ রায় দেন।