অভিভাবকহীন আছিমতলা-কাটরা-উফুল্কী চার কিলোমিটার রাস্তা। স্বাধীনতার ৪৭ বছরেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়ক মির্জাপুর উপজেলার আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তার উন্নয়নের ছোঁয়া পড়েনি (পাকাকরণ হয়নি)। ফলে যোগাযোগের ক্ষেত্রে কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তায় গিয়ে দেখা গেছে যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীর দুর্ভোগের চিত্র।
২ নম্বর জামুর্কি ইউনিয়ন পরিষদের কাটরা গ্রামের ওয়ার্ড মেম্বার মো. তোফাজ্জল হোসেন, ছাত্র নেতা মো. সাদ্দাম হোসেন ও আল মামুন অভিযোগ করেন, আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তাটি জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা।
প্রতিদিন এই রাস্তা দিয়ে কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উফুল্কী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদিমধল্যা ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ, বরাটি উচ্চ বিদ্যালয়, সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, জামুর্কি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়, ছাফদার আলী কলেজ, মির্জাপুর সরকারি কলেজ, সরটিয়া সরকারি সাদত্ বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার্থী ছাড়াও হাজার হাজার লোক যাতায়াত করে থাকেন।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেনের নির্দেশে আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তাটি পাকাকরণের জন্য প্রকল্প তৈরি করে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ঐ রাস্তাটি পাকা করা হবে।
