ইমরান খানের স্মরণে ‘৮০৪’ লেখা ক্যাপ পরায় ১৩ লাখ রুপি জরিমানা জামালের

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৫:২৩

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের অলরাউন্ডার আমের জামালকে প্রায় ১৩ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জামাল ছাড়াও আরও ৭ ক্রিকেটারকে ভিন্ন কারণে জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

জামাল গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় ‘৮০৪’ লেখা হ্যাট পরেছিলেন। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে ‘৮০৪’ সংখ্যাটি সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের খানকে কেন্দ্র করে ব্যাপকভাবে আলোচিত। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরানের কয়েদি নম্বর ৮০৪। তার সমর্থকেরা গান, ভিডিও, পোশাক-পরিচ্ছদসহ বিভিন্ন জায়গায় ‘কয়েদি নম্বর ৮০৪’ ব্যবহার করে থাকেন।

পাকিস্তানের জিও নিউজের খবরে বলা হয়, রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের সময় মুলতানে ওই হ্যাট পরে মাঠে সম্প্রচার ক্যামেরার সামনে কথা বলেন জামাল। এটিকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতি’র লঙ্ঘন হিসেবে চিত্রায়িত করেছে পিসিবি।

জিও নিউজ রাজনৈতিক স্লোগান কী ছিল, উল্লেখ না করলেও ‘ডায়ালগ পাকিস্তান’ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে। নিজেদের নাগরিক সাংবাদিকতার পোর্টাল হিসেবে পরিচয় দেওয়া মাধ্যমটি জানিয়েছে, সেদিন জামাল যে হ্যাটটি পরেছিলেন, সেটিতে ‘৮০৪’ লেখা ছিল, যা পাকিস্তানের প্রেক্ষাপটে সরাসরি ইমরান খানের সঙ্গে সম্পর্কিত। 

২০২৩ সালের মে মাস থেকে ইমরান কারাগারে আছেন। এ বছরের জানুয়ারিতে একটি দুর্নীতি মামলায় তার ১৪ বছরের সাজা হয়েছে। 

জামালের পাশাপাশি আরও সাত ক্রিকেটারকে জরিমানা করেছে পিসিবি। এর মধ্যে তিনজনকে গত নভেম্বরে অস্ট্রেলিয়ার সফরের সময় রাতে টিম হোটেলে দেরিতে ফেরায় ৫০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের দায়ে জরিমানা হয়েছে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদির।

পিসিবি সূত্র জিও নিউজকে জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন ও জরিমানা বিষয়গুলো বোর্ড অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে, যা ক্রিকেটারদের সম্মানহানির কথা চিন্তা করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। তবে আট ক্রিকেটারের জরিমানার খবর সামনে এসেছে এমন সময়ে, যখন পাকিস্তান ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার কারণে সমালোচনার মধ্যে আছে।

ইত্তেফাক/জেডএইচ