চীনের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ মহড়ার সময় নৌবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সাউদার্ন থিয়েটার কমান্ডের বিমানটি স্থানীয় দুপুর দেড়টার দিকে দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের জিয়ালাই শহরের কাছে একটি খোলা জায়গায় বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পিএলএ নৌবাহিনী জানিয়েছে, পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। বিমানটি যেখানে পড়েছে, সেখানে কোনো স্থাপনার ক্ষতি হয়নি। এর কারণ অনুসন্ধান করা হবে।
দক্ষিণাঞ্চলীয় কমান্ড দক্ষিণ চীন সাগরসহ দেশটির সংবেদনশীল কিছু এলাকা তত্ত্বাবধান করে। সাম্প্রতিক বছরগুলোতে আশপাশের দ্বীপপুঞ্জকে ঘিরে চীনা এবং ফিলিপাইনের জাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
