খুলনায় আসছেন শেন ওয়াটসন

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১৭

ইতিমধ্যে তামিম ইকবালকে দলে ভিড়িয়ে নতুন মৌসুমে আরেকটু ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছে খুলনা টাইটান্স। গত কয়েক মৌসুম ধরেই মাঝারি মানের দল করা খুলনা এবার দলে ভিড়িয়েছে সাবেক অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসনকে। জাতীয় দল থেকে বেশ আগেই অবসর নিলেও এখনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে চলেছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক।

খুলনা টাইটানন্সের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়াটসনকে পুরো মৌসুমের জন্যই পাচ্ছে তারা। সপ্তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা এই বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভয়ানক মারকুটে অলরাউন্ডার ওয়াটসন; কিন্তু এখনো তিনি পরিচয়টা মাঠে দিতে পছন্দ করেন। এবার আইপিএলে গ্রুপপর্বে একটি ৯৬ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু ছিলো না; কিন্তু নক-আউট পর্বে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ উজ্জ্বল ছিলেন তিনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫০ রানের ইনিংস খেলেছিলেন। তারপর ফাইনালে রক্তাক্ত শরীরে ৮০ রানের ইনিংস খেলে একাই দলকে শিরোপার কাছে নিয়ে গিয়েছিলেন; শেষ পর্যন্ত অবশ্য চেন্নাই জিততে পারেনি।

এবার সেই ওয়াটসনকে দলে পেয়ে উল্লসিত খুলনা টাইটান্স। খুলনার ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘শেন ওয়াটসন আমাদের দলে যোগ দেওয়ায় আমরা খুবই রোমাঞ্চিত। সে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। সে নিজের দেশের হয়ে এবং ফ্রাঞ্চাইজি দলগুলোর হয়ে অনেক শিরোপা জিতেছে। সারা বিশ্বে সে বিভিন্ন দলের হয়ে খেলেছে। তার অভিজ্ঞতা ও জয়ের এই মানসিকতা আমাদের দলকে খুব উপকৃত করবে। আশা করি শেন আমাদেরকে সেই শিরোপার দিকে নিয়ে যাবে, যেটার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি।’

এদিকে ওয়াটসন বলেছেন, তিনি খুলনার অংশ হতে পেরে উচ্ছ্বসিত। তিনি আশা করেন, গতবার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা খুলনাকে এবার ওপরের দিকে রাখতে পারবেন তারা, ‘আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সামনের মৌসুমে খুলনায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। বিপিএল এমন একটা টুর্নামেন্ট, আমি সবসময় যেখানে খেলতে চেয়েছি। অবশেষে সেই সুযোগটা পেলাম। বিপিএলে অনেক গ্রেট খেলোয়াড় খেলে থাকে এবং বাংলাদেশের স্থানীয় তারকারা অংশ নেয়। ফলে শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের অংশ নিতে পারাটা দারুণ ব্যাপার।’

ওয়াটসন আরো রোমাঞ্চিত বাংলাদেশের ক্রিকেট পাগল দর্শকদের সামনে আরেকবার ক্রিকেট খেলার সুযোগ আসবে বলে, ‘অন্য দিক থেকে এটা আমার জন্য বাংলাদেশের অসাধারণ ক্রিকেট পাগল সমর্থকদের সামনে খেলার দারুণ একটা সুযোগ। খুলনা টাইটান্সের কোচিং ও ম্যানেজমেন্ট টিম একটা দারুণ দল দাঁড় করানোর চেষ্টা করছে। যাতে আমরা শিরোপাটা ঘরে আনতে পারি। আমরা সেদিকেই সবাই তাকিয়ে আছি।’