হায়দরাবাদে ট্রেভর বেইলিস

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১৭

নিঃসন্দেহে এখন বিশ্বের সবচেয়ে ভারী প্রোফাইলের কোচ ট্রেভর বেইলিস। দুটি আইপিএল, একটি বিগ ব্যাশ, একটি চ্যাম্পিয়নস লিগ এবং একটি বিশ্বকাপ আছে তার ঝুলিতে। বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছিলেন, ট্রফি জিতলেও ইংল্যান্ডে আর থাকবেন না। সেটাই হলো। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ জানাল, টম মুডির বদলে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা বেইলিসকে। অ্যাশেজের পর ইংল্যান্ডের দায়িত্ব ছেড়ে নতুন এই দায়িত্ব নেবেন তিনি। এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব পালন করেছেন এবং দুটি শিরোপা জিতেছেন। এরপর বিগ ব্যাশ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন সিডনি সিক্সার্সের হয়ে। তাকে স্বাগত জানিয়ে হায়দরাবাদ আশা প্রকাশ করেছে যে, বেইলিস এবার নিজের তৃতীয় আইপিএল শিরোপা জিতবেন। সেই সঙ্গে তারা ধন্যবাদ দিয়েছে বিদায়ী কোচ মুডিকে।