ঈদ ঘিরে চুরি-ছিনতাই বেড়েছে ফেনীতে 

হার্ডলাইনে আইনশৃঙ্খলা বাহিনী 

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১১:১৩

রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ফেনীতে বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। 

গত কয়েক দিনে পুলিশ জনতার হাতে ফেনী শহরের বিভিন্ন স্থান থেকে আট জন গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ফেনী শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করছে স্থানীয়রা। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর এ তৎপরতাকে পর্যাপ্ত মনে করছে না নগরবাসী। 

জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও রমজান ও ঈদকে টার্গেট করে চুরি-ছিনতাইসহ অপরাধ কর্মকাণ্ড বেড়েছে। অপরাধ কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে ফেনী মডেল থানা ও ফেনী শহর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন বিপণিবিতানের সামনে ও জনসমাগম এলাকায় পুলিশি অবস্থান দেখা গেছে। এছাড়াও ফেনী শহরের বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার ও বিশেষ মহড়া চলমান রয়েছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাদা পোশাকে গোয়েন্দা বিভাগও কাজ করে যাচ্ছে। 

ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, গত ৬-১৪ মার্চ পর্যন্ত ফেনী শহরের বিভিন্ন এলাকা থেকে অন্তত আট জন চোর-ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গত ১৪ মার্চ ফেনী শহরের রামপুর এলাকায় সিএনজি যাত্রী থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় মো. আলাউদ্দিন নামে এক ছিনতাইকারীকে আটক করে স্থানীয়রা। একই দিন শহরের সহদেবপুর এলাকায় ছিনতাইকালে জনতার হাতে আটক হন ইউসুফ হোসেন রিয়াদ নামে আরেক ছিনতাইকারী এছাড়া গত ৯ মার্চ ফেনী শহরের রামপুর এলাকায় চুরির সময় হাতেনাতে মো. বাবুল হোসেন নামে এক জনকে আটক করা হয়।
 
একই দিন ফেনী শহরের বারাহীপুর এলাকায় চুরির অভিযোগে আটক করা হয় কফিল উদ্দিন নামে এক জনকে। এছাড়াও ৬ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আরো চার জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আট জনের মধ্যে সাত জনই ফেনী জেলার বাইরের বাসিন্দা। তারা কাজের সন্ধানে ফেনীতে এসে চুরি-ছিনতাই করে যাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এর বাইরে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বেশ কয়েক জনকে চুরি-ছিনতাইকালে আটকের পর মারধর করে ছেড়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। 

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, ফেনীতে রোজা ও ঈদকে টার্গেট করে চোর-ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে। মানুষের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও যাবতীয় কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ বিপণিবিতানের সামনে ও জনগুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/টিএইচ