আফ্রিকান নেশন্স কাপে তৃতীয় সেরা দল হিসেবে প্রতিযোগিতাটি শেষ করেছে নাইজেরিয়া। বুধবার রাতে মিশরের কায়রোতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়েছে সুপার ঈগলরা। ম্যাচের তৃতীয় মিনিটে তিউনিসিয়া রক্ষণের ভুলে সুযোগ পায় নাইজেরিয়া। টুর্নামেন্টে এর আগে চার গোল করা ফরোয়ার্ড অডিয়ন ইঘালো এগিয়ে দেন তিনবারের চ্যাম্পিয়নদের। ম্যাচটিতে এর পরেও সুযোগ পেয়েছিল দুই দল। তবে দুই গোলরক্ষকের কৃতিত্বে এ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ফলে অষ্টমবারের মতো তৃতীয় হয়ে আফ্রিকান শ্রেষ্ঠত্বের আসরটি শেষ করে নাইজেরিয়া। আজ শুক্রবার রাতে প্রতিযোগিতাটির ফাইনালে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো শিরোপার লক্ষ্যে আলজেরিয়ার বিপক্ষে লড়বে সেনেগাল।
