সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৮-১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসীর নিকট থেকে চাঁদা উত্তোলন করাকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল শুরু হয়।
এর জের ধরে শনিবার ইফতারের পূর্ব মূহুর্তে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয় পক্ষের ৮-১০ জন আহত হয়। এদের মধ্যে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী (৫০) গুরুতর আহত হয়। রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া উভয়পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
