কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ই গ্রুপে পড়েছে। কাতার, আফগানিস্তান, ওমান, ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে। জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে গ্রুপিং দেখেছেন। বাফুফে জানিয়েছে এরই মধ্যে কোচ সবই পেয়ে গেছেন। এখন কোচ এসে ঢাকায় অনুশীলন শুরু করার প্রস্তুতি নেবেন। আগস্টের প্রথম সপ্তাহে জেমির ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রিমিয়ার ফুটবল লিগ শেষ হওয়ার কথা রয়েছে ১ আগস্ট। দিন দশেক খেলোয়াড়রা বিশ্রামে থাকবেন। এরপর জাতীয় দলের প্রাথমিক অনুশীলন শুরু হবে। তা ছাড়া, আবাহনী এএফসি কাপ ফুটবলে খেলতে যাবে উত্তর কোরিয়ায়। সেখানে জাতীয় দলের কিছু ফুটবলার থাকবেন। বাদবাকি যারা থাকবেন তাদের নিয়ে জেমি অনুশীলনে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছে বাফুফে।
বিশ্বকাপের বাছাইয়ে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দুই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। কোন দেশের বিপক্ষে ম্যাচ হতে পারে তা নিয়ে আলোচনা করবে বাফুফের জাতীয় দল ব্যবস্থপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
