আজ ৩৬তম জাতীয় ব্যাডমিন্টনের পর্দা নামছে

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:২১

সবগুলো ইভেন্টের ফাইনাল অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ শুক্রবার চট্টগ্রামে পর্দা নামছে ৩৬তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার।

পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈতের ফাইনাল খেলাগুলো অনুষ্ঠানের আগে সকাল ৮টা হতে প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যায়ের খেলা শুরু হবে। গতকাল বৃহস্পতিবার নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিযোগিতার সব ইভেন্টের কোয়ার্টার ফাইনাল খেলাগুলো শুরু করতে পারেনি আয়োজকরা। প্রতিযোগিতাস্থলে সময়মতো কর্মকর্তাদের অনুপস্থিতির জন্য জাতীয় ব্যাডমিন্টনে খেলতে আসা শার্টলারদের দুর্ভোগে পড়ার অভিযোগও ওঠেছে।

উল্লেখ্য, বন্দরনগরী চট্টগ্রামে ২৬৮ জন পুরুষ ও ৫০ জন নারী মিলিয়ে ৩১৮ শার্টলারের অংশগ্রহণের মধ্যদিয়ে গত সোমবার এ প্রতিযোগিতা শুরু হয়। এতে  ৪৭টি জেলা, সাতটি বিভাগ, চারটি সার্ভিসেস দল, পাঁচটি বিশ্ববিদ্যালয় ও একটি শিক্ষাবোর্ড মিলিয়ে ৬৩টি দল অংশ নেয়। আয়োজকরা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমুদয় ব্যয় বহন করে।

চট্টগ্রামে ফুটসাল ফুটবলে

তাওহীদের জোড়া গোল

প্রতিশ্রুতিশীল ফুটবলার তাওহীদের জোড়া গোলে চট্টগ্রামে চলমান দুই ক্রীড়া সংগঠক আল্লামা মো. ইকবাল ও সরোয়ার হোসেন স্মৃতি ফুটসাল ফুটবলে বাংলাদেশ বয়েজ ক্লাব শুভ সূচনা করেছে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বয়েজ ক্লাব ২-০ গোলে চকবাজার ডায়নামিক স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। দিনের অন্য খেলায় বাকলিয়া ফুটবল ক্লাব ২-১ গোলে পটিয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়েছে।