সেনেগাল ও আলজেরিয়া আজ শুক্রবার রাতে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা দখলে মাঠে নামছে। মিশরের কায়রো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি।
এ ফাইনালে সেনেগালকে কিছুটা ফেবারিট ভাবা হচ্ছে। তবে ডেজার্ট ফক্স নামে অভিহিত আলজেরিয়া ইতিমধ্যেই প্রতিযোগিতায় লায়ন্স অব তেরাঙ্গা হিসেবে খ্যাত সেনেগালকে গ্রুপ পর্বে হারিয়ে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। তবুও ফাইনাল বলে কথা।
আজকের ফাইনালে দেশ দুটির পাশাপাশি ফুটবলপ্রেমীদের চোখ থাকবে আলজেরিয়ার রিয়াদ মাহরেজ ও সেনেগালের সাদিও মানে। কেননা গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও দুজন ছিলেন ভিন্ন ভিন্ন দলে। লিগ শিরোপার লড়াইয়ে সাদিও মানে ছিলেন দ্বিতীয় স্থান পাওয়া লিভারপুলে। অপরদিকে ম্যানচেস্টার সিটির লিগ শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আলজেরিয়ার তারকা ফুটবলার মাহরেজ। সিটির জয়টি এসেছিল লিগের শেষ খেলায়।
সাদিও মানে অবশ্য পরে লিভারপুলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কাপ অব নেশন্স জয় করেন।
আফ্রিকান নেশন্স কাপের শেষ চারটি ফাইনালের নিষ্পত্তি হয়েছে পেনাল্টি শুটআউটে।
আলজেরিয়া গত রবিবার রাতে সেমিফাইনালে আফ্রিকা মহাদেশের শক্তিশালী দল নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠে আসে। একই রাতে টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে যোগ দেয় সেনেগাল।
ফুটবলের বিশ্ব র্যাংকিংয়ে আলজেরিয়ার উপরে অবস্থান সেনেগালের (২২)। তাদের চাইতে ৪৬ ধাপ নিচে অবস্থান করছে আলজেরিয়া (৬৮)।
