মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা, আহত ২

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৭:৫৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন আবু হানিফ নামে এক পুলিশ সদস্য। এ সময় হামলায় আরও এক স্থানীয় আহত হন।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ৯টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল আবু হাতিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম জানান, ডিবি পুলিশের একটি দল রাতে মাড়িয়া গ্রামে মাদবিরোধী অভিযানে গিয়েছিলেন। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের উপর হামলা করেন। খবর পেয়ে থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতেই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

তিনি জানান, পুলিশ সদস্য আবু হানিফকে রক্ষা করতে গেলে মো. সজিব নামের স্থানীয় আরেক ব্যক্তি আহত হন। আবু হানিফ ও সজিবকে ছুরিকাঘাত করা হয়েছে। দু’জনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম আরও বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। পুলিশের উপর হামলার ঘটনায় আরেকটি মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।

 

 

ইত্তেফাক/এমএএস