১৪ জুলাই শেষ হয়েছে সীমিত ওভারের বিশ্বকাপ ২০১৯ ক্রিকেটের আসর। জানতে চাওয়া হয়েছিল, সবকিছু মিলে কেমন হলো এবারের আসর? আপনার অনুভূতি কী? টেলিফোন ও ইমেইলে পাওয়া পাঠকদের প্রতিক্রিয়া
আজ প্রকাশ করা হলো।
ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেই অনিশ্চয়তা ছিল এবারের ম্যাচের প্রতিটি পরতে, প্রতিটি বলে। ক্রিকেট রোমাঞ্চের কত যে রং হতে পারে, তা দেখিয়েছে এবারের বিশ্বকাপ ফাইনাল। গ্যালারির দর্শকদের পাশাপাশি টেলিভিশনে বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী উপভোগ করেছে ক্রিকেট-উত্তেজনার রূপ। ম্যাচের শুরু থেকে শেষ বলটি পর্যন্ত পেন্ডুলামের মতো দুলেছে দুই দলের ভাগ্য। অনিশ্চয়তার যে রহস্যময় সৌন্দর্য থাকে, লর্ডসে তা-ই মেলে ধরেছিল ক্রিকেট। দুই দলের ক্রিকেটারদের দক্ষতা, শারীরিক যোগ্যতা ও মানসিক শক্তির চূড়ান্ত পরীক্ষা হয়ে গেল এবারের ফাইনাল ম্যাচটিতে বলে আমি মনে করি।
মেনহাজুল ইসলাম তারেক
মুন্সীপাড়া, পার্বতীপুর, দিনাজপুর
বিশ্বকাপ ক্রিকেট এবার মনোমুগ্ধকরভাবে উপভোগ করেছি। ২০১৯ সালের ক্রিকেট মেলা ছিল চমকপ্রদ। বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেলেও তার মান ছিল অত্যন্ত উন্নত। আমরা আশা করছি আগামীতে বাংলাদেশ আরো সুন্দর খেলে জয়যুক্ত হবে।
শিশির
পিলখানা, ঢাকা
চরম নাটকীয়তায় ভরপুর ফাইনালে অদ্ভুত নিয়মে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ক্রিকেটের জনক ইংল্যান্ড। সেই ছোটোবেলা থেকেই আমরা ক্রিকেট মানেই শুনছি/দেখছি ইংল্যান্ড। যদিও আরো অন্যান্য দেশ রয়েছে। তবে ইংল্যান্ডই প্রথম সারিতে ছিল ক্রিকেটে। এবার অত্যন্ত মনোমুগ্ধকরভাবে মানুষ বিশ্বকাপ ক্রিকেট খেলা উপভোগ করেছে।
বজলুল
এনায়েতগঞ্জ লেন, পিলখানা, ঢাকা
প্রথম বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে ইংল্যান্ড। আমরা জানি ক্রিকেটের জনক ইংল্যান্ড। অথচ শিরোপা ছোঁয়ার জন্য তাদের অপেক্ষা ছিল ৪৪ বছরের। সারাবিশ্বে অবিস্মরণীয় একটি বিশ্বকাপ কেটেছে এবার ক্রিকেটারদের।
মুন্সী মোহাম্মদ ওয়াহীদ উল্লাহ
স্টেডিয়াম সড়ক,
সদর, ফেনী
এবারের বিশ্বকাপে সাকিব আল হাসান যে পারফরমেন্স গড়ে তুলেছেন তা শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
ডা. মোহাম্মদ জামিল রহমান
গোপালপুর, টাঙ্গাইল
টান টান উত্তেজনা ছিল বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ ইং। সব আনন্দ, অনুভূতি ছিল একেবারে প্রাণবন্তু। বিশ্বকাপ খেলা শুরু থেকে ছিল অন্যরকম । শেষ পর্যন্ত সব নাটকীতার শেষ করে ইংল্যান্ড কাপ জয় করে।
সোহাগ
নবাবগঞ্জ, ঢাকা
ক্রিকেট ইতিহাসে সেরা ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ক্রিকেটের ১২তম আসর। ক্রিকেটকে সত্যিকার অর্থে বলা হয়ে থাকে গৌরবময় অনিশ্চয়তার খেলা । এবারের বিশ্বকাপেও এমন উদাহরণ কম নয়। তবে নাটক ও রোমাঞ্চ যেন জমা ছিল চূড়ান্ত ম্যাচটির জন্য।
মো. ইফতেখার হোসাইন লিটন
হাইমচর, চরভৈরবী
এবারের বিশ্বকাপ খুবই আবেগঘন ও উত্তেজিত ছিল। বিশেষ করে ফাইনাল খেলাটা যা হয়েছে কেউ বলতে পারেনি কে জিতবে। অবশেষে নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড জয়ের মালা দেখিয়ে দিয়েছে। তবে এবারের খেলায় প্রতিটি খেলাই ছিল খুব আকর্ষণীয়। আমরা ভেবেছিলাম সেমিফাইনাল খেলব কিন্তু হয়ে উঠল না। তবে আগামীতে যেন খেলতে পারি সে প্রস্তুতি এখন থেকেই নেওয়া দরকার।
হাবিবুর রহমান
ভালুকা বাজার, ভালুকা, ময়মনসিংহ
বিশ্বকাপ ক্রিকেটের দুইটি দল মুখোমুখি হয় ইংল্যান্ড ও নিউজল্যান্ড। ফাইনালটি যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হয় সেটি ছিল সবুজ ঘাসের। তা নিউজিল্যান্ডের জন্য সুখবরের বিষয়। কিন্তু তা কোনো সুখবর হয়নি। হলো ইংল্যান্ডের শিরোপা অর্জনের। ক্রিকেট ছিল এবার অত্যন্ত মনোমুুগ্ধকর টান টান বিষয়। যে যেখানেই পেরেছে উপযোগ করেছে ক্রিকেট খেলা আমাদের দেশে। ক্রিকেট হোক আমাদের আগামী দিনের জন্য বিজয়। এই প্রত্যাশা।
আনতারা আনিকা লাবণ্য
ইডেন মহিলা কলেজ,
আজিমপুর ঢাকা
ইংল্যান্ড/নিউজল্যান্ডের যে ফাইনাল ম্যাচটি হয়েছে নিঃসন্দেহে ক্রিকেটের ইতিহাসের সেরা ম্যাচ। অন্যদিকে সেরা ফাইনাল খেলা। দুটি দলের লড়াই শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি হয়ে ইংল্যান্ড শিরোপা হাতে নেয়। বাংলাদেশের খেলা অত্যন্ত ভালো হয়েছে। যদিও সেমি ফাইনাল পর্যন্ত যেতে পারেনি।
মাসুম আহমেদ
শিকড় সন্ধান, যাত্রাবাড়ী,
ঢাকা
এবারের বিশ্বকাপ খেলা ছিল অভিনব নতুন কৌশলে। যা বিশ্ববাসীকে সত্যিই উত্তেজনাপূর্ণ মুহূর্ত উপহার দিয়েছে। মোট কথা হলো নিউজিল্যান্ড যদিও রানার্স আপ হয়েছে তথাপিও এদের সত্যিকার বিজয় বলে আমরা মনে করি। কারণ নিউজিল্যান্ডের জন্মগ্রহণকারী ব্যাটসম্যানকে ইংল্যান্ড দল হায়ার করে নেওয়াতেই এই বিশ্বকাপে ট্রফি নিতে সক্ষম হয়েছে ইংল্যান্ড। সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে নিউজিল্যান্ডবাসীই গর্বিত। পাশাপাশি ইংল্যান্ডবাসী আজ বিশ্বকাপের স্বাদ গ্রহণ করতে পেরেছে।
আলহাজ মো. হাফিজুল ইসলাম চৌ. (হিফজু)
পরিবেশ ও স্বার্থ সংরক্ষণ কমিটি
হাউজিং স্টেট রাজশাহী ৬২০২
গত ১৪ই জুলাই শেষ হলো সীমিত ওভারের বিশ্বকাপ ২০১৯ইং। সব মিলে এবারের ক্রিকেট উত্সব অনেক ভালো হয়েছে। প্রথম বারের মত শিরোপা নিতে সক্ষম হলো ইংল্যান্ড। আমরা আশা করছি আগামীতে অন্যান্য দলগুলো আরো ভালো করবে।
সালমা আফরোজ
ফার্মগেট, ঢাকা
রুদ্ধশ্বাস খেলায় বিশ্বকাপ ২০১৯ শিরোপা ইংল্যান্ডের। সুপার ওভারে হারায় নিউজিল্যান্ডকে। ৪৪ বছরের পরীক্ষার অবসান হলো তাদের। আমাদের প্রত্যাশা অন্যান্য দলসমূহ আরো মনমুগ্ধকর খেলা প্রদর্শন করবে।
বীথি রহমান
মতিঝিল, ঢাকা
বৃষ্টি বিড়ম্বনার বিশ্বকাপ আমার মতো সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের আফসোস বাড়িয়ে দিয়েছে। তাই আমার মতে, প্রতিটি ম্যাচেই রিজার্ভ ডে রাখা প্রয়োজন ছিল। ফাইনাল খেলা শত রোমাঞ্চের জম্ম দিয়ে আমাদের মুগ্ধ করলেও কিছু বিতর্কের রেশ রয়ে গেছে। সাকিবের খেলায় মোহিত হলেও দল হিসেবে বাংলাদেশকে ব্যর্থই মনে হয়েছে আমার।
মো. ফখরুল ইসলাম টিপু
সেনবাগ, নোয়াখালী
এবারের বিশ্বকাপ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাড়ায়-মহল্লায় সমর্থকদের কখনো আনন্দে ভাসিয়েছে, কখনো হতাশায় ডুবিয়েছে! সব মিলিয়ে অন্য সব ম্যাচকে, এমনকি বিশ্বকাপের অন্য সব ফাইনাল ম্যাচকেও পেছনে ফেলে দিয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি। প্রথম ৫০ ওভারের শ্বাসরুদ্ধকর খেলা টাই হয়ে গড়াল সুপারওভারে। সেখানেও তীব্র রোমাঞ্চ। আবার টাই! শেষ পর্যন্ত শিরোপা নির্ধারিত হলো বাউন্ডারিতে! যেখানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন ইংল্যান্ড; ক্রিকেট সাম্রাজ্যের নতুন রাজা। তাদেরসহ আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
মোছা. বিলকিছ আক্তার
সরকারি ম্যাটস, টাঙ্গাইল
প্রথম যেদিন খেলা শুরু হয় সেদিন আমি মসজিদে বসেছিলাম এবং বাইরের অনেক আতশবাজির শব্দ শুনতে পেলাম। তাতে বুঝলাম বাংলাদেশের টাইগাররা জয়ের পথে এবং ওয়েস্টইন্ডিজের বিপক্ষে জয়লাভ করে। বাংলাদেশের দুর্ভাগ্য যে, তারা সেমিফাইনালে খেলতে পারেনি। সাকিব আল হাসান দুইবার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। এছাড়া ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সাকিবের। কারণ তার রান ৮ ম্যাচে ৬০৬। উইকেট সংখ্যা ১১। কিন্তু দেখা গেল ফাইনালে নিউজিল্যান্ডের উইলিয়ামসনকে ম্যান অফ দা টুর্নামেন্ট ঘোষণা করা হয়। তবে প্রাপ্যতা ছিল সাকিব আল হাসানের।
খন্দকার কামরুজ্জামান
৩৬৩/১০, উত্তর পীরেরবাগ, মিরপুর, ঢাকা
মহাকাব্যিক ফাইনালের মধ্য দিয়ে ১২তম বিশ্বকাপের পর্দা নেমেছে। ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল ক্রিকেটের জনক ইংল্যান্ড। বিশ্বকাপ ক্রিকেট এবার অত্যন্ত সুন্দর ও সাবলীল হয়েছে। বিশ্বের চোখ ছিল বিশ্বকাপের দিকে। জয় হোক বিশ্বকাপের। জয় হোক সারা বিশ্বের মানুষের।
এস কে মো. রমিজউদ্দিন
আয়কর আইনজীবী, কাজীপাড়া, মিরপুর, ঢাকা
বিশ্বকাপ শুরুর আগে কিছু কাপের প্রাইজমানি অন্য সকল বিশ্বকাপকে ছাড়িয়ে যাবে। বলেছিলেন বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আমরা মনে করি, বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ আসরটি ছিল অত্যন্ত মনোলোভা ও আনন্দপূর্ণ। তবে বাংলাদেশ সেমিতে যেতে পারলে ভালো হতো।
সুগন্ধী আক্তার
যাত্রাবাড়ী, ঢাকা
অত্যন্ত মনোমুগ্ধকরভাবে বিশ্বকাপ ক্রিকেট উপভোগ করেছি। সবার অনুভূতি ছিল উত্তেজনাকর। পত্রিকার মাধ্যমে জানতে পারলাম বিশ্বকাপ শুরুর আগেই ওয়ানডেতে অল রাউন্ডারদের শীর্ষস্থানে ফিরেছিল সাকিব আল হাসান। দল ভালো না করলেও ব্যাটে বলে বিশ্বকাপটা দুর্দান্ত কেটেছে তার। এই অল রাউন্ডারের ব্যাটে দুই সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিতে ৬০৬ রান এসেছে। বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। ঈর্ষণীয় এ পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ শেষে ওয়ানডের শীর্ষ স্থানে রয়েছে সাকিব।
সুলতানা জামান
মানিকনগর, ঢাকা
ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। কেউ অট্টহাসি, কেউ আবার বুক ফাটিয়ে কান্নায় ভেঙে পড়েছিল। ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এর খেলাগুলো আমরা উপভোগ করেছি। ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শুরু থেকে ফাইনাল পর্যন্ত সবকটি ম্যাচ ক্রিকেটপ্রেমীদের ভালো লেগেছে, মন ভরে দেখেছে। আমরা এক সময়ে ভাবতে পারতাম না যে, বাংলাদেশ দল ক্রিকেট বিশ্বকাপে খেলবে। এখন আনন্দে বুক ভরে যায়। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে খেলছে। সাকিব আল হাসান বিশ্বে অলরাউন্ডার থাকায় ক্রিকেটপ্রেমীদের হূদয়ে আছে ক্রিকেটপ্রীতি। নিয়মিত ক্রিকেট অনুশীলনই নিয়ে যেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপের সেমিফাইনালে।
ফারুক আহমেদ
বাঘমারা, রাজশাহী
বিশ্বকাপ ক্রিকেট -২০১৯ অবশেষে ইংল্যান্ডের বিজয়ের মধ্য দিয়ে শেষ হলো । সব মিলে এবারের বিশ্বকাপ অত্যন্ত মনোলোভা হয়েছে। সবার অনুভূতি ছিল প্রাণস্পন্দন ও উত্তেজনাকর। তবে বাংলাদেশের সাকিব আল হাসান শীর্ষেই আছেন এটা পড়ে খুব ভালো লেগেছে। আগামীতে বাংলাদেশ আরো মান-সম্পন্ন খেলে বিশ্বকাপ জয়লাভ করুক এই প্রত্যাশা করছি।
মারুফ
বাসাবো, ঢাকা
এবার বিশ্বকাপ ক্রিকেট খোলার বিভিন্ন তরফ থেকে যাদের ফেভারিট ভাবা হয়েছিল তাদের ভাবনা সঠিক হয়নি। বাংলাদেশ সেমিফাইনালে উঠবে এটা সবাই নিশ্চিত ছিল কিন্তু শেষ পর্যন্ত সে আশা পূরণ হয়নি। খেলোয়ারদের অদক্ষতা এবং আন্তরিকতার অভাব এজন্য দায়ী বলে অনেকেই মনে করেন। বর্তমানে খেলোয়াড়দের প্রশিক্ষণের বাইরে আত্মশক্তি এবং ইচ্ছাশক্তি প্রবল করার জন্য কোনো কোনো দেশে মেডিটেশনের ব্যবস্থাও রাখা হয়। আমাদের দেশে সে ব্যবস্থাটি নেই।
মাখরাজ খান
সাটুরিয়া, মানিকগঞ্জ
