পাকিস্তানে ভুয়া কল সেন্টারে অভিযান: শত শত ল্যাপটপ লুট স্থানীয়দের

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২০:১৮

পাকিস্তানের ইসলামাবাদে একটি ভুয়া কল সেন্টারে অভিযান চালানো হয়েছে। অভিযানের পর সেখানে ব্যাপক লুটপাট চালিয়েছে স্থানীয়রা। এ সময় কয়েকশ' মানুষ কল সেন্টারটিতে ঢুকে পড়ে এবং তাদের হাতের কাছে যা পান তাই নিয়ে চলে যান।

মঙ্গলবার (১৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়েছে এই তথ্য।
 
এতে বলা হয়, চীনা নাগরিকদের পরিচালিত কল সেন্টারটিতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) অভিযান চালানোর পর এই লুটপাটের ঘটনা ঘটে।
 
প্রতিবেদনে আরও জানানো হয়, কেন্দ্রটি প্রতারণামূলক কার্যকলাপে জড়িত ছিল এবং অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ যখন সেন্টারটিতে ঢোকে তখন স্থানীয়রাও প্রবেশ করে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যুবক-বৃদ্ধ সবাই ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, কী-বোর্ড, এক্সটেনশন এবং অন্য যা কিছু তারা সামনে পেয়েছে তা হাতিয়ে নিচ্ছে। এমনকি আসবাবপত্র এবং কাটলারি সেটও চুরি করতে দেখা যায় কাউকে কাউকে।  

প্রতিবেদন অনুসারে, বিশ্বজুড়ে মানুষকে প্রতারণা করার অভিযোগে তদন্তের আওতায় আসার পর কল সেন্টারটিতে অভিযান চালানো হয়। কতিপয় চীনা নাগরিকসহ একদল বিদেশি চক্র এই কল সেন্টারটি পরিচালনার সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/এনএন