‘জাতীয় মত্স্য পুরস্কার ২০১৯’

স্বর্ণপদকে ভূষিত হলো নৌবাহিনী

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:৩০

দেশের মত্স্যসম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মত্স্যসম্পদ ব্যবস্থাপনায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘জাতীয় মত্স্য পুরস্কার ২০১৯’-এ স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ উপলক্ষ্যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ  মিলনায়তনে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর হাতে স্বর্ণপদক তুলে দেন। এরপর দেশের মত্স্যসম্পদ উন্নয়নে নৌবাহিনীর অবদানের বিভিন্ন বিষয় তুলে ধরতে নৌসদর দপ্তরে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে পরিচালক নৌ অপারেশান্স কমডোর মাহমুদুল মালেক দেশের মত্স্যসম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মত্স্যসম্পদ ব্যবস্থাপনায় নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রমসমূহ তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২০০৮-২০০৯ সালে দেশে ইলিশের মোট উত্পাদন ছিল ৩.১৩ লক্ষ মেট্রিক টন, ২০১৭-২০১৮ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫.১৭ লক্ষ মেট্রিক টনে, যা দেশের মোট মত্স্য উত্পাদনের প্রায় ১২ শতাংশ এবং এর চলতি বাজার মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশের জিডিপি-তে ইলিশ মাছের অবদান প্রায় শতকরা ১ ভাগ। নৌবাহিনীর নিয়মিত ও কার্যকরী অভিযান পরিচালনার ফলেই দেশের বাজারে ইলিশের প্রাচুর্যের পাশাপাশি বিদেশেও রপ্তানী করা সম্ভব হচ্ছে, যা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।