জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান ভেনিজুয়েলার

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:৩৬

ভেনিজুয়েলা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা। এদিকে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াদোকে সহযোগিতা করতে গুয়াতেমালা ও হন্ডুরাসের উন্নয়ন সাহায্য থেকে তাকে প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন।

বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করে প্রতিবেদন নিয়ে হতাশা ব্যক্ত করেন আরিয়াজা। তিনি বলেন, ‘প্রতিবেদনটি যেভাবে তৈরি ও ঘোষণা করা হয়েছে তার সঙ্গে দ্বিমত পোষণ করছি আমরা।’ ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে বিরোধী দলের সঙ্গে সংলাপের চেষ্টা করছে সরকার। সাংবাদিকদের তিনি জানান, গুতেরেস এই শান্তি আলোচনায় সহায়তার পূর্ণ আশ্বাস দিয়েছেন। 

চলতি মাসের শুরুর দিকে ভেনিজুয়েলা পরিস্থিতি জাতিসংঘ মানবাধিকার পরিষদের কাছে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি তৈরির জন্য ৫৫৮টি সাক্ষাত্কার নেওয়া হয় বলে জানান গবেষকরা। তারা জানান, গত বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা ছিলো ৫ হাজার ২৮৭ জন। আর চলতি বছর এখন পর্যন্ত এই সংখ্যা ১৫৬৯ জন। ওই প্রতিবেদনে জাতিসংঘ জানায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বিস্ময়কর। তবে ভেনিজুয়েলার সরকারের দাবি, ওই প্রতিবেদনে বিরোধী দলের পক্ষ নেওয়া হয়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিবেদনটির সমালোচনা করে জাতিসংঘে একটি চিঠি লিখেছিলেন। তিনি বলেছিলেন, প্রতিবেদনটি ভারসাম্যহীন ও পক্ষপাতদুষ্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনিজুয়েলার বিরোধী দলীয় প্রধান হুয়ান গুয়াইদোকে সহযোগিতা করতে গুয়াতেমালা ও হন্ডুরাসের উন্নয়ন সাহায্য থেকে তাকে প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার সহযোগিতা দিচ্ছে। এ অর্থের একটি অংশ কর্মীদের বেতন দিতে ব্যবহার করা হবে। এএফপির হাতে আসা অভ্যন্তরীণ নথিপত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভেনিজুয়েলার রাজনৈতিক সংকটকে অত্যন্ত ‘তাত্পর্যময়’ হিসেবে অভিহিত করে। আর বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্যেও জরুরি হয়ে দাঁড়ানোয় এ সংকট মোকাবিলায় ৪ কোটি ১৯ লাখ ডলারের তহবিল দেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, মধ্য আমেরিকার উন্নয়নে বরাদ্দ দেওয়া তহবিল থেকে সরিয়ে নিয়ে গুয়াইদোকে এসব অর্থ দেওয়া হচ্ছে।

নির্বাচনে কারচুপির অভিযোগ ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনিজুয়েলায় বিক্ষোভ করে বিরোধী দলগুলো। এই বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াদো। এরপর এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণাও দেন গুয়াদো। এই অভ্যুত্থানে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। তবে প্রায় ছয় মাস ধরে নানারকম চেষ্টা ও অন্তর্ঘাত সত্ত্বেও ভেনিজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট  নিকোলাস মাদুরোকে এখনো ক্ষমতা থেকে সরানো যায়নি।