প্রশাসনের আশ্বাসে বগুড়ায় মোটরশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৭:১১

শ্রমিক নেতাদের মারধরে জড়িত ব্যক্তিদের ৩ দিনের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় বগুড়ায় ধর্মঘট প্রত্যাহার করেছে মোটর শ্রমিক ইউনিয়ন। এতে বগুড়ার সঙ্গে দেশের বিভিন্ন জেলার ২২টি রুটে বাস-মিনিবাস চলাচল শুরু হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) দুপুরে জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিক নেতৃবৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

এর আগে মঙ্গলবার মোটর শ্রমিক ইউনিয়নের দুই শ্রমিকনেতার ওপর হামলার ঘটনায় আজ সকাল থেকে কর্মবিরতি পালন করেন পরিবহন শ্রমিকরা। বগুড়ায় সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গণপরিবহন। 

জানা গেছে, মঙ্গলবার বগুড়ায় ব্যস্ত সড়কে অটোরিকশা দাঁড় করানো নিয়ে শহরের নারকেল আড়তদারদের সঙ্গে চালকদের বাগ্‌বিতণ্ডার জেরে মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলা হয়। গতকাল ইফতারের আগে শহরের স্টেশন সড়কে মিতালী পাম্পের পাশে এ ঘটনা ঘটে। হামলায় আহত দুই শ্রমিক হলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সদস্য হযরত আলী।

শ্রমিকনেতাদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন জেলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে শহরের স্টেশন সড়কে কয়েকটি নারকেল আড়তে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে আসেন। তখন বিক্ষুব্ধ মোটরশ্রমিকেরা স্টেশন সড়কে তাদের কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিসের গাড়ি অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের সরিয়ে দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা নারকেলের আড়তের আগুন নিয়ন্ত্রণে আনেন।

বগুড়ার ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মো. সালেকুজ্জামান জানান, মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনার পর বেলা একটা থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। 

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলার ঘটনায় রতন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এসএএস