হুতিদের ছোড়া ড্রোন আটকে দিল সৌদি

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:৩৯

দক্ষিণ সীমান্তে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ড্রোন আটকে দিয়েছে সৌদি আরবের বিমানবাহিনী। সৌদি বিমানবাহিনীর এক মুখপাত্র খবরটি নিশ্চিত করে বলেন, দেশটির দক্ষিণ সীমান্তে জিযান ও আভা এলাকায় ড্রোন তিনটি ধ্বংস করা হয়েছে।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, ড্রোন তিনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এগুলোকে ধ্বংস করা হয়। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি বুধবার জানায়, হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি শহর জিযান লক্ষ্য করে ড্রোন ছোড়ে। হুতিদের ছোড়া ড্রোনে সামপ্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে এক বেসামরিক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সরকারের পক্ষ নিয়ে ২০১৫ থেকে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এ লড়াইয়ে হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছেন। অনেক বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলাকে দায়ী করা হয়।