পুঁজিবাজারকে নিজের পায়ে দাঁড় করাতে কাজ করব :অর্থমন্ত্রী

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:৪৬

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শেয়ারবাজারে আমার কাজটা হবে একটা সুন্দর অবস্থান তৈরি করে দেওয়া। যাতে শেয়ারবাজার নিজের পায়ে দাঁড়াতে পারে। বর্তমানে পুঁজিবাজারের অবস্থা এবং বিনিয়োগকারীদের আন্দোলন নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারে লাভ-লোকসানের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। শেয়ারবাজার একটি বাজার। এখানে বিনিয়োগ করলে লাভবান হবেন। তবে লাভও হতে পারে আবার লোকসানও হতে পারে। তবে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার নজির নেই। আমাদের পুঁজিবাজারে এখন খুব বেশি উঠা-নামা নেই, স্থিতিশীল রয়েছে। তিনি আরো বলেন, পুঁজিবাজারের জন্য সরকারের তরফ থেকে যা করা দরকার করবো। কারণ এখনও হাজার হাজার মানুষ পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং তাদেরকে বাদ দিয়ে দেশের অর্থনীতি চিন্তা করতে পারি না। তাই তাদের সমর্থন দিতে আমরা কাজ করে যাব।

সুস্থ হলেও মশা নিয়ে আতঙ্কে

সুস্থ হলেও মশা নিয়ে আতঙ্কে রয়েছেন অর্থমন্ত্রী। শারীরিক সুস্থতা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ ছিলাম। এটা সংসদে নিজেই ঘোষণা দিয়েছি। সে অসুখ এখন আর নেই। এখন আর সমস্যা নেই। চোখে যে সমস্যা ছিল সেটাও চলে গেছে। এখন চশমা ব্যবহার করি। যদিও লাগে না, তবুও ডাক্তার ব্যবহার করতে বলেছেন। এখন থেকে সচিবালয়ে অফিস করবেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, অফিস দুই জায়গায় করবো (আগারগাঁওয়ের অর্থমন্ত্রীর কার্যালয়ে ও সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে)। কিন্তু ওখানে (আগারগাঁওয়ে) বেশি মশা। এ পর্যন্ত দুইবার কামড় দিয়েছে, একবার চিকুনগুনিয়া আবার ডেঙ্গু। এ জন্য ভয়ে ওখানে যাচ্ছি না। এবারের বাজেট অধিবেশনে অসুস্থতার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সেদিন (১৩ জুন) সংসদ শুরুর আগে যখন সংসদে প্রবেশ করি তখন থেকে পরবর্তী ৭-৮ মিনিট আমার কোনো কিছুই মনে পড়ে না। সেদিনটি ছিল আমার জীবনের চরম কষ্টের দিন। কারণ এর তিন দিন আগে অর্থাত্ ১০ জুন ডেঙ্গু জ্বরে ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং হাসপাতালে ভর্তি হই। এ অসুস্থতা নিয়েই আমি গত ১৩ জুন সংসদে আসি। আমার বিশ্বাস ছিল, আমি প্রস্তাবিত বাজেটটি উত্থাপন করতে পারবো। কিন্তু আমি যা ভেবেছিলাম বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন।