দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:৪৭

তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। উভয় ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। পানি বৃদ্ধির কারণে গোয়ালন্দের দৌলতদিয়ায় যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে তিনটি ফেরিঘাট। যানবাহন আটকে এই ঘাটে প্রায় ৬ কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ বিষয়ে প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর।

রাজবাড়ী :নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার লোকজনের চলাচলকারী ঢাকার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এতে দৌলতদিয়া ঘাট প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট এবং নদী পারাপারের অপেক্ষায় ৬ কিলোমিটার সড়ক জুড়ে সহস্রাধিক যানবাহনের দীর্ঘ লাইন। ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ১৫টি ফেরির মধ্যে ১২টি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। তিনটি ফেরি মেরামতের জন্য রয়েছে। তবে নদীতে পানি বৃদ্ধির কারণে যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে ছয়টি ফেরিঘাটের তিনটি। স্বাভাবিক সময়ে ফেরি পারাপারে ৩০ মিনিট লাগলেও বর্তমানে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ৬ কিলোমিটার অদূরে গোয়ালন্দ উপজেলা পরিষদ এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন। দুই-তিন সারিতে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে। নদী পারাপারের অপেক্ষায় বিভিন্ন পরিবহনের যাত্রীরা গাড়ি ছেড়ে পায়ে হেঁটে বিকল্প উপায়ে নদী পার হচ্ছে।  এদিকে একাধিক যাত্রীবাহী বাস ও ট্রাকচালক অভিযোগ করেন, ঘাটে দালাল চক্রের হাতে ২-৩ হাজার টাকা ধরিয়ে দিলেই আর সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় না। সরাসরি ফেরির নাগাল পাওয়া যায়। 

শিবচর (মাদারীপুর): তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ী ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথের ফেরি চলাচল। চলাচলরত ১৮টি ফেরির মধ্যে চলছে মাত্র তিনটি রো-রো ফেরি। চাহিদা অনুপাতে ফেরির স্বল্পতা থাকায় ঘাটের দুই পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী ও চালকেরা।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানায়, পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র স্রোত। এতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। বৃহস্পতিবার ভোর থেকে স্রোতের তীব্রতা বেশি থাকায় চালচলরত পাঁচটি ফেরির মধ্যে দুটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে রো-রো ফেরি কাকলি, এনায়েতপুরীসহ তিনটি ফেরি চলাচল করছে। চাহিদা অনুপাতে ফেরি চলাচলে স্বল্পতা থাকায় ঘাটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে আট শতাধিক ছোটো-বড়ো যানবাহন। এতে ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে প্রচণ্ড গরমে চরম ভোগান্তির শিকার হচ্ছে এই নৌপথে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা। এর মধ্যে অতিরিক্ত টাকা নিয়ে সিরিয়াল দেওয়ার অভিযোগ উঠেছে।

তবে কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক পুলিশের সার্জেন্ট কুশল কুমার সাহা বলেন, ‘অতিরিক্ত টাকা কে বা কারা নিয়ে সিরিয়াল দেয়, তা আমার জানা নেই।’