নাটোরের বড়াইগ্রামে মসজিদের জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নাজিম উদ্দিন (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের আগে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া জামে মসজিদের জমি নিয়ে এ ঘটনা ঘটে।
নিহত নাজিমউদ্দিন বড়াইগ্রাম উপজেলার নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মী ফারুক হোসেনের বিরোধ বাধে। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় বিএনপি কর্মী ফারুক হোসেন ছুরিকাঘাত করলে নাজিম উদ্দিনসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত জাহাঙ্গীর ও আরিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
