চুয়াডাঙ্গায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:৫৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত চুয়াডাঙ্গার হাকিম মারা গেছেন। বুধবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ধান্যঘরি গ্রামের আবু বক্করের ছেলে হাকিম গোপনে নিজ ঘরে বোমা তৈরি করছিল। এ সময় হঠাত্ একটি বোমা বিস্ফোরিত হয়। বোমার স্প্রিন্টারে হাকিম মারাত্মক আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বুধবার রাতে বলেন, আহত হাকিম সন্ত্রাসী প্রকৃতির। তার বাবা বক্কর এলাকায় ডাকাত নামে পরিচিত ছিল। সে বিভিন্ন অপরাধী চক্রের কাছে বোমা বানিয়ে বিক্রি করত। হাকিমের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে।