রূপগঞ্জে ধান সংগ্রহ, ইউএনওর তদারকি

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২৩:৫৬

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জেও ধান সংগ্রহ করছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে খাদ্য গুদাম পরিদর্শন করে ধান সংগ্রহের তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। তিনি জানান, ধান সংগ্রহ করতে গিয়ে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন কি না, সঠিক মাপে ধান সংগ্রহ করা হচ্ছে কি না তা দেখা হচ্ছে। ইতিমধ্যে দাউদপুর, ভোলাব, ভুলতাসহ বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে ১৫০ টন ধান সংগ্রহ করা হয়েছে। সর্বমোট ৬৪২ টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ২৬ টাকা। কৃষকদের সুবিধার্থে ধান সংগ্রহের কথা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার গ্রামে গ্রামে মাইকিং করে জানানো হয়েছে, যাতে করে কৃষকরা কোনো ধরনের প্রতারণার শিকার না হন।