ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-তালশহর আঞ্চলিক সড়কের সংস্কার কাজের সব প্রস্তুতি শেষ করেও কাজ শুরু করছে না ঠিকাদারী প্রতিষ্ঠান। আর এতে করে এ সড়ক দিয়ে চলাচলকারী পাঁচটি ইউনিয়নের লাখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটিতে বিভিন্ন স্থানে খানাখন্দ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটির বিভিন্ন ভাঙা অংশে পানি জমে থাকে। যার কারণে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। বিকল্প কোনো সড়ক না থাকার কারণে বাধ্য হয়েই চলাচল করতে হয় এ সড়ক দিয়ে। সাধারণ মানুষ মনে করেন, ব্রাহ্মণবাড়িয়ার এলজিইডি ও ঠিকাদারের গাফিলতির কারণেই সড়কটিতে কাজ শুরু হচ্ছে না। তবে এলজিইডি কর্তৃপক্ষ জানায়, সারাদেশে বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাজ করা যাচ্ছে না।
সরেজমিনে গিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ এলাকায় পাঁচটি ইউনিয়ন ও জেলা সদরের সঙ্গে আঞ্চলিক যোগাযোগের একমাত্র সড়ক আশুগঞ্জ-তালশহর সড়কটি। প্রতিদিন প্রচুর পরিমাণে ট্রাক ও ট্রাক্টর চলাচল করে এ সড়ক দিয়ে। সংস্কার কাজ না করার কারণে প্রতিনিয়ত রাস্তাটিতে ইট-সুরকি উঠে বড়ো বড়ো গর্ত হয়েছে। এতে করে সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায় সড়কটি। যার কারণে বাধ্য হয়েই অনেক ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করে মানুষ ও শিক্ষার্থীরা।
এদিকে সড়কটি সংস্কার কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দরপত্রসহ অন্যান্য সব আনুষ্ঠানিকতা শেষ করে চলতি বছরের ১৬ জুনে এ সড়কটির কাজ পায় ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স লোকমান হোসাইন ও মেসার্স মোস্তফা কামাল (জেভি)। এফডিডিআরআইআরপি প্রকল্পের অধীনে আট কিলোমিটার এ সড়কের কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৫ কোটি ২৭ লাখ টাকা। চুক্তি অনুযায়ী কাজ শুরু করার জন্য সময় ধরা আছে ২৩ জুন ২০১৯ এবং কাজ শেষ করতে হবে ১৯ মার্চ ২০২০ এর মধ্যে। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো কাজ ধরছে না ঠিকাদারী প্রতিষ্ঠান।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লোকমান হোসাইন অ্যান্ড মেসার্স মোস্তফা কামাল (জেভি)-এর স্বত্বাধীকারী মো. লোকমান হোসাইনের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের কোনো গাফিলতি নেই। কারণ সারাদেশে বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব ব্রাহ্মণবাড়িয়ায়ও পড়েছে। যার কারণে কাজ শুরু করা যাচ্ছে না।
