বিদেশি তেল ট্যাংকার জব্দ ইরানের

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০০:০৪

পারস্য উপসাগরে একটি বিদেশি তেল ট্যাংকার ও ১২ ক্রুকে আটকের দাবি করেছে ইরান। গত রবিবার তাদের আটক করা হয় বলে দেশটির সুসজ্জিত ও প্রভাবশালী রেভ্যুলিউশনারি গার্ডের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। ট্যাংকারে দশ লাখ লিটার তেল পাচার করা হচ্ছিল বলে রেভ্যুলিউশনারি গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন। তবে এটি কোন দেশের ট্যাংকার সেই বিষয়ে কিছু জানায়নি ইরান। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় অবিলম্বে এই ট্যাংকার ছেড়ে দেওয়ার আহবান জানিয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইরানকে অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে এবং অবিলম্বে ট্যাংকার ও ক্রুদের মুক্তি দিতে হবে। -বিবিসি ও রয়টার্স