ফিলিস্তিনের আল-কুদসে ইসরাইলি বাহিনীর হামলা ও দখলদারিত্বে বাংলাদেশের নিন্দা

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০০:০৫

ফিলিস্তিনের আল-কুদস আল-শরিফে ইসরাইলি দখলদারি বাহিনী কর্তৃক মুসলিম ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা এবং অবৈধ স্থাপনা নির্মাণ করে ইসরাইলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওআইসির নির্বাহী কমিটির এক জরুরি সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ নিন্দা জ্ঞাপন করেন। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির জরুরি সভায় আরো যোগ দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ, রিয়াদ দূতাবাসের মিশন উপপ্রধান ড. নজরুল ইসলাম প্রমুখ। সভায় ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন উপস্থিত ছিলেন। এছাড়া ওআইসির নির্বাহী কমিটির সদস্য বিভিন্ন দেশের মন্ত্রীরাও সভায় যোগ দেন।

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কার্যক্রম শুধু মানবিক সংকট বৃদ্ধি করে এবং দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর আলোচনার পথ বন্ধ করে দেয়। তিনি আল-কুদস আল-শরিফকে রাজধানী হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা ও ইসরাইলি দখলদারিত্ব দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি নিয়ে জাতিসংঘের মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে ওআইসির সদস্যদের উদ্বেগ জানাতে হবে।

শাহরিয়ার আলম বলেন, ওআইসির দায়িত্বপ্রাপ্ত সদস্য হিসেবে এবং জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যাবে বাংলাদেশ। সভার শুরুতে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালিকি আল-কুদসে ইসরাইলি আগ্রাসনের সর্বশেষ পরিস্থিতি অবহিত করেন। সভা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওআইসির মহাসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে মহাসচিবের সহায়তা কামনা করেন।