রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দাবি আদায়ের লক্ষ্যে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে এবং দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সাত কলেজ অধিভুক্তির বিষয়টি এককভাবে ঢাবির সিদ্ধান্ত নয়। এটি একটি জাতীয় সিদ্ধান্ত। অধিভুক্তির কারণে যে বিদ্যমান সমস্যা তৈরি হয়েছে তা সমাধানের কাজ চলছে। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। তবে আন্দোলনকারীরা বলছেন, তারা এই চারটি দাবি নিয়ে এর আগেও প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছিল। কিন্তু প্রশাসন তাদের দাবি মানেনি। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
আন্দোলনের নেতৃত্বে থাকা ‘সাত কলেজ বাতিল চাই’ কমিটির মুখপাত্র ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. শাকিল মিয়া বলেন, আমাদের মূল দাবি হচ্ছে সাত কলেজের অধিভুক্তি বাতিল। কেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা তাদের শিক্ষার্থীদের সমস্যার সমাধান করতে পারে না। সেখানে তারা অধিভুক্ত কলেজের আরো দুই লাখ শিক্ষার্থীর দায়িত্ব নেবে কিভাবে? শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- চলতি শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত সাত কলেজ বাতিল; দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল দেওয়া; বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ এবং রিকশা ভাড়া নির্ধারণ করা।
এদিকে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, রোকেয়া হলের সামনের সড়ক, শাহবাগসহ বিভিন্ন মোড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এসব সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ এবং আশপাশের হাসপাতালে আগত রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
