ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে কলা গাছের সঙ্গে গরু বেঁধে বাংলাদেশে পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ২২৪টি গরু।
জানা গেছে, বন্যায় ফুঁসে উঠেছে গঙ্গা। এ অবস্থাকে কাজে লাগিয়ে দুটি কলা গাছের মাঝে একটি করে গরু বেঁধে পানিতে ভাসিয়ে দেয় চোরাকারবারিরা। এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল দুইশরও বেশি গরু। পরে সেগুলো উদ্ধার করে বিএসএফ।
এদিকে রানিনগর থানা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে গরু পাচারের চেষ্টাকালে ১২১টি গরু উদ্ধার করে বিএসএফ। এসময় গ্রেফতার করা হয় বাংলাদেশের রাজশাহীর জাহিরুল ইসলাম ও মোহম্মদ ডালিম রেজা এবং চাঁপাইনবাবগঞ্জের মোহম্মদ রকিকে। এ দলটির সঙ্গে রয়েছে ভারতীয় দুই চোরাকারবারি রানিনগরের বিন্দা মণ্ডল ও ইসলামপুরের মুর্তজা শেখ।
