প্রথমবারের মতো ভারতের নৌপথ ব্যবহার করে ভুটানের একটি পণ্যবাহী জাহাজ নারায়ণগঞ্জে পৌঁছেছে। ভুটানের পাথর নিয়ে একটি ভারতীয় জাহাজ ধুবরি থেকে যাত্রা শুরু করে মঙ্গলবার নারায়ণগঞ্জে এসে পৌঁছায়। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্দো-বাংলা প্রটোকল রুট ব্যবহার করে আসা প্রথম চালানটি গ্রহণ করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস, ভুটানের রাষ্ট্রদূত সোনম টি. রাবগি এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
ভারতের নৌপরিবহন প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডব্য গত ১২ জুলাই ডিজিটালভাবে এমভি এএআই নামের ভারতের অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের এই জাহাজটির যাত্রা ঘোষণা করেন। এরপর জাহাজটি আসামের ধুবরি থেকে যাত্রা করে এবং ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে নারায়ণগঞ্জে পৌঁছায়। এই প্রথমবারের মতো ভারতীয় নৌপথ ও ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পণ্য পরিবহন করা হচ্ছে।
গত বছরের অক্টোবরে ধুবরিকে নদীবন্দর ঘোষণা করা হয়। ধুবরি বন্দর থেকে ১৬০ কিলোমিটার দূরে ভুটানের ফুয়েন্টশোলিং থেকে ট্রাকে করে পাথর আনা হয়। এরপর জাহাজে করে সেই পাথর বাংলাদেশে আনা হয়েছে। জাহাজটি ১০০০ টন পাথর পরিবহন করছে, যা স্থলপথে পরিবহন করতে ৫০টিরও বেশি ট্রাকের প্রয়োজন হতো। এখন পর্যন্ত ভুটান স্থলপথ ব্যবহার করে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ পাথর রপ্তানি করে আসছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মাণ্ডব্য বলেন, এই উন্নয়ন ঐতিহাসিক যার মাধ্যমে অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন বৃদ্ধিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য পূরণে হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ভারত, ভুটান এবং বাংলাদেশ উপকৃত হবে এবং প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক আরো দৃঢ় হবে। তিনি বলেন, এই রুটের মধ্য দিয়ে পণ্য পরিবহনের ফলে ৮ থেকে ১০ দিন সময় সাশ্রয় হবে, পরিবহন খরচও কমবে ৩০ শতাংশ। এছাড়াও এটি পরিবহনের জন্য একটি পরিবেশবান্ধব উপায়।
ভারতের অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, নেভিগেশন চ্যানেলে নাব্যতা বজায় রাখার জন্য ড্রেজিং করা হয়েছে এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন অনুযায়ী ড্রেজিং করা হবে। এছাড়াও ভারত সরকার অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথ ব্যবহার বৃদ্ধি করে পণ্য পরিবহনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ভারত-বাংলাদেশে ফেয়ারওয়ে উন্নয়ন প্রকল্পের অধীনে আশুগঞ্জ-জকিগঞ্জ রুটের ড্রেজিং কাজও চলমান রয়েছে। গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
