মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।
সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। তার অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তামিম। তবে এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।
তামিমের সুস্থতা কামনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। আন্তর্জাতিক ক্রিকেটে মনোজের ক্যারিয়ারটা খুব বেশি বড় না হলেও তামিমের সঙ্গে তার সম্পর্কটা বন্ধুত্বের। বাংলাদেশের সাবেক অধিনায়কের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মনোজ লিখেছেন, 'এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থণা! দ্রুত সুস্থ হও তামিম ইকবাল।'
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সও তামিমের সুস্থতা কামনা করেছে। ফেসবুকে এক পোস্টে কেকেআর লিখেছে, 'দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।'
এছাড়া শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও তামিমের সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, 'তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।'

