জাতীয় সংসদের সম্প্রতি শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ জুলাই, যাচাই ২৮ জুলাই, প্রার্থিতা প্রত্যাহার পহেলা আগস্ট ও ভোটগ্রহণ ১৮ আগস্ট। বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত কোটায় সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। বৃহস্পতিবার এ নির্বাচনের তপশিল ঘোষণা করে কমিশন।
গত ৯ জুলাই রুশেমা বেগম ফরিদপুর শহরের হাবেলি গোপালপুরের বাসভবনে হূদরোগে আক্রান্ত হন। ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ১১ জুলাই এ আসন শূন্য করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। গত ১৬ জুলাই নির্বাচন কমিশনে এ সংক্রান্ত গেজেট পাঠায় সংসদ সচিবালয়। এর পরই শূন্য আসনের তপশিল ঘোষণা করা হলো। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালক (অপারেশন) মো. আবদুল বাতেন।
